মো: বেলাল হোসেন পাটোয়ারী : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট ফোরামের ফ্যামিলি ক্যাম্প-২০২৬। গত ১৩ নভেম্বর (শুক্রবার) দিনব্যাপী এ ক্যাম্পে ফোরামের সদস্য ও তাঁদের পরিবারের মোট ৮৭ জন সদস্য অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৭টায় ঢাকা কলেজ থেকে বাসযোগে যাত্রা শুরু করে সকাল ১১টায় অংশগ্রহণকারীরা বিকেএসপিতে পৌঁছান। সেখানে ফোরামের সদস্যদের স্বাগত জানান বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মাবুদ হাসান শান্ত। অংশগ্রহণকারীদের আবাসনের ব্যবস্থা করা হয় বিকেএসপির প্রমীলা ভবনে। পরে বিকেএসপির অডিটোরিয়ামে ফোরামের সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামানের সঞ্চালনায় এবং অধ্যাপক মিজানুর রহমান মজুমদার শেলীর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মাবুদ হাসান শান্ত ভিডিও চিত্র ও প্রজেক্টরের মাধ্যমে প্রতিষ্ঠানটির ইতিহাস, কার্যক্রম ও বিভিন্ন সাফল্য তুলে ধরেন। পাশাপাশি তিনি অংশগ্রহণকারীদের পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। দুপুরে বিকেএসপির ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় দিনব্যাপী বিভিন্ন আনন্দঘন আয়োজন। ফোরামের সদস্য, তাঁদের পরিবারের সদস্য ও শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নানা ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিনভর প্রাণবন্ত আড্ডা, খেলাধুলা, সুইমিংসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পটি পরিণত হয় এক আনন্দমুখর পারিবারিক মিলনমেলায়। কর্মব্যস্ত জীবনের ব্যস্ততা পেছনে ফেলে সদস্য ও তাঁদের পরিবারের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি করে এ আয়োজন। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ঢাকার উদ্দেশে যাত্রা করেন অংশগ্রহণকারীরা। ফ্যামিলি ক্যাম্প-২০২৬ সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা করায় ফোরামের সকল সদস্য, অংশগ্রহণকারী পরিবার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে আয়োজক কমিটি। বার্তা প্রেরক: হাফেজ আতিকুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট ফোরাম