বন্যাকবলিত ২০০ শিশুর পাশে ১১ বিজিবি
- আপডেট সময় : ০৫:৫১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকার ২০০ শিশুর মাঝে রান্না করা খাবার, বিস্কুট ও কেক বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) ২০২৬ তারিখে বিজিবির মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সাম্প্রতিক ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সীমান্তবর্তী এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ দুর্যোগে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েছে শিশুরা। স্বাভাবিক জীবনযাত্রা, শিক্ষা কার্যক্রম ও খেলাধুলার পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা মানসিক চাপের পাশাপাশি নানা স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছে।
এমন মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বন্যাকবলিত এলাকার ২০০ শিশুর মাঝে রান্না করা খাবার, বিস্কুট ও কেক বিতরণ করে ১১ বিজিবি। এ উদ্যোগের মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি তাদের মাঝে সাময়িক স্বস্তি ও আনন্দের অনুভূতি সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য।
খাদ্যসামগ্রী বিতরণকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক শিশুদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। এ সময় তিনি শিশুদের সার্বিক পরিস্থিতি, প্রয়োজনীয়তা এবং বন্যাজনিত দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন।
বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষ ও শিশুদের পাশে দাঁড়িয়ে বিজিবি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা এ উদ্যোগের জন্য বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও শিশুদের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবি অসহায় মানুষ ও শিশুদের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।”
বর্ডার গার্ড বাংলাদেশ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দুর্যোগ, দুর্বিপাক ও সংকটকালীন সময়ে জনগণের পাশে থেকে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জনকল্যাণে নিবেদিত এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।





















