কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে পাচারের সময় ১৭ হাজার পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ লিখন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার মালুমঘাট ইউনিয়নের জলদাশপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর মোহাম্মদ লিখন শরীয়তপুর জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় কক্সবাজারের দিক থেকে আসা একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল দেখে পুলিশ থামার সংকেত দেয়। মোটরসাইকেলটি থামানোর পর চালক নুর মোহাম্মদ লিখনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লিখন মোটরসাইকেলের চাকার ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে মোটরসাইকেলটি মালুমঘাট বাজারের আইমান টায়ার অ্যান্ড ভলকানাইজিং ওয়ার্কশপে নিয়ে সামনের ও পেছনের চাকা খুলে তল্লাশি চালানো হয়।
এ সময় দুই চাকার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৮টি পোটলা থেকে মোট ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক পাচারে অভিনব কৌশল নেওয়া হয়েছিল। তবে পুলিশের সতর্ক তল্লাশিতে ইয়াবাসহ একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার নুর মোহাম্মদ লিখনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।