ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের একই কক্ষে থাকা তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তারা সবাই আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর মধ্যে ১৮তম বিজেএস পরীক্ষায় দুজন এবং এর আগে ১৬তম বিজেএস পরীক্ষায় একজন সুপারিশপ্রাপ্ত হন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে ১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে সিভিল জজ পদে সাময়িকভাবে ২০০ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এর মধ্যে সুপারিশপ্রাপ্ত ৩ বন্ধু হলেন আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ হোসাইন (১৬তম বিজেএস) এবং একই শিক্ষাবর্ষের সাকির আলম ও আনোয়ার হোসাইন (১৮তম বিজেএস)। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনজনই সাদ্দাম হোসেন হলের ৪২২ নম্বর কক্ষে থাকতেন বলে জানা গেছে।