ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে ঘিরে দিল্লির কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, ‘কাশ্মীর মডেল এ বার দিল্লিতেও রপ্তানি করা হয়েছে’।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আবদুল্লাহ লেখেন, ‘কাশ্মীর মডেল দিল্লিতে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিকে স্বাগত-যা নতুন জম্মু ও কাশ্মীরের আদলে গড়ে তোলা হয়েছে।’
শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের আগে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার খবরের পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করেন তিনি।
‘জনতার মঞ্চ ২.০’ নামে প্রস্তাবিত ওই বিক্ষোভ ঘিরে নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে শনিবার যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। তবে দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি। তা সত্ত্বেও বিক্ষোভের প্রস্তুতি চলছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া