কক্সবাজারের পেকুয়ায় গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শীলখালী ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভারুয়াখালী এলাকার আব্দুর রহিমের ছেলে রুবেল সাহেদ (২২) এবং শীলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাচারিমোড়া এলাকার মো. আলীর ছেলে মুজিবুল হক (২২)।
অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম। এ সময় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, “মাদকের অপব্যবহার যুবসমাজ ও পরিবারের জন্য অত্যন্ত ক্ষতিকর। তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে এবং সুন্দর সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।”
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “মাদকদ্রব্যের সহজলভ্যতা ও সেবন এবং তরুণদের অনলাইন জুয়া থেকে বিরত রাখতে পেকুয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।”