জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী নারী সংগঠন জাতীয় নারীশক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এমপি নুসরাতসহ এনসিপির নেতারা।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।
এমপি নুসরাতের বাড়িতে সংঘটিত এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলছেন, ‘এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।”
তিনি আরও লেখেন, “এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।”
এর আগে, নুসরাত তাবাসসুম আবেগতাড়িত হয়ে জানিয়েছেন, এ বাড়িটি তার দাদার হাতে নির্মিত ছিল। এখানে তার শৈশবের অনেক স্মৃতি রয়েছে। এই স্মৃতিবিজড়িত স্থাপনাটিই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। ফলে বিভিন্ন আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ জিনিস হারাতে হয়েছে। তাছাড়াও, এ ঘটনায় ওই বাড়িতে থাকা একটি ছাগলের বাচ্চাও পুড়ে মারা গেছে, আদর করে যেটির নাম রাখা হয়েছিল ‘তারা’।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ব্যাপারে জানান। পোস্টটিতে তিনি লেখেন, “আমার দাদার বানানো বাড়ি ঘর, আমাদের বড় হওয়া, এই পুড়ে খাক হওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল তারা। আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল!”
তিনি আরও লেখেন, “যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারে নি এসব করে কি আর করবে!”
গতকাল রাতে আগুন দেওয়ার পর দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম লিখেছিলেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।”
তিনি আরও লেখেন, “এভাবে যদি কন্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।”