” হাতে-কলমে কাজ শেখার ব্যবস্থা না থাকায় বিপাকে বেকার যুবক-যুবতীরা, স্থানীয়ভাবে প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার দাবি
পড়াশোনা শেষ করে একটি কাজের আশায় দিনের পর দিন ঘুরছেন অনেক তরুণ। কেউ চাকরির চেষ্টা করছেন, কেউ আবার নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। কিন্তু শুধু পড়াশোনা থাকলেই তো আর সব কাজ পাওয়া যায় না, কাজের দক্ষতাও দরকার। অথচ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ও আশপাশের এলাকায় হাতে-কলমে কাজ শেখার মতো কোনো সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নেই। ফলে ইচ্ছা থাকলেও অনেক তরুণ-তরুণী প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে পারছেন না।
বুধহাটা একটি পরিচিত ও ব্যস্ত জনপদ। এখানে অনেক শিক্ষিত বেকার যুবক-যুবতী রয়েছেন। তাঁদের অনেকেই কম্পিউটার চালানো, মোবাইল মেরামত, ইলেকট্রিকের কাজ, সেলাই কিংবা বিভিন্ন কারিগরি কাজ শিখে নিজের মতো কিছু করতে চান। কিন্তু এসব শেখার জন্য দূরে যেতে হয়। যাতায়াত খরচ ও সময়ের কথা ভেবে অনেকেই আর প্রশিক্ষণ নেওয়ার সাহস পান না।
স্থানীয় শিক্ষক হুমায়ুন কবির বলেন, “এখন শুধু সার্টিফিকেট থাকলেই হয় না, পাশাপাশি কোনো কাজ জানা থাকাও দরকার। বুধহাটায় একটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র হলে এলাকার ছেলেমেয়েরা নিজের এলাকায় থেকেই অনেক কিছু শিখতে পারবে। এতে তাদের ভবিষ্যতে কাজের সুযোগ তৈরি হবে।”
স্নাতকোত্তর পাস করা স্থানীয় তরুণ আজিজুল ইসলাম বলেন, “মাস্টার্স শেষ করেও এখনো ভালো কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। অনেক জায়গায় চেষ্টা করেছি। এখন বুঝতে পারছি, শুধু লেখাপড়া নয়, হাতে-কলমে কোনো কাজ শেখাও খুব দরকার ছিল। বুধহাটায় এমন একটি প্রশিক্ষণকেন্দ্র থাকলে আমার মতো অনেক তরুণের উপকার হতো।”
এলাকাবাসীর কথা, বুধহাটায় একটি প্রশিক্ষণকেন্দ্র হলে ছেলেদের পাশাপাশি মেয়েরাও বিভিন্ন কাজ শিখতে পারবেন। কম্পিউটার, সেলাই, মোবাইল সার্ভিসিং, ইলেকট্রিকের কাজসহ নানা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে অনেকেই নিজের বাড়িতে বা এলাকায় বসে আয় করার পথ খুঁজে পাবেন।
তাই বুধহাটা বাজারের আশপাশে কোনো উপযুক্ত সরকারি জায়গায় একটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ জন্য যুব উন্নয়ন অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।
তাঁদের সহজ কথা, এলাকার ছেলেমেয়েরা কাজ শিখতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। কিন্তু শেখার জায়গা না থাকলে তারা শিখবে কোথায়? বুধহাটায় একটি প্রশিক্ষণকেন্দ্র হলে শুধু কয়েকজন নয়, উপকৃত হবে আশপাশের অনেক গ্রামের তরুণ-তরুণী। তাই এলাকার মানুষের দীর্ঘদিনের এই চাওয়াটি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা তাঁদের।