কোনো ক্যাম্পাসের হল দখল করে অছাত্র ও সন্ত্রাসীদের অভয়ারণ্য করা যাবে না—সরকারের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, ‘প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব।’
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
সম্প্রতি বেগম রোকেয়া ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা আলিয়ায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সঙ্ঘর্ষের পর শিবির সভাপতি এই স্ট্যাটাস দিলেন।
রাজধানীর বকশীবাজারের ঢাকা আলিয়া মাদ্রাসায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর শিবিরকে হটিয়ে হলের নিয়ন্ত্রণ নেয় ছাত্রদল। এর পর থেকে বেশ কয়েকবার হলে প্রবেশের চেষ্টা করেছেন শিবিরের নেতাকর্মীরা।
শনিবার বেলা দুইটার দিকে বকশীবাজার মোড়ে গিয়ে দেখা যায়, শিবিরের নেতাকর্মীরা হলে প্রবেশের চেষ্টা করছেন। পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিয়েছে। এর আগে বুধবারও প্রবেশের চেষ্টা করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তখনো পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। শনিবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অপেক্ষা করেন তারা। এরপর তারা সরে গেলে পুলিশ ব্যারিকেড তুলে নেয়।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.