চট্টগ্রামের সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন ওরফে ‘বাঁচা’ (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
রোববার (৫ জুলাই) র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সন্ত্রাস, হত্যা, মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজারসংলগ্ন ‘সি ওয়ার্ল্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সাতকানিয়া থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি আকবর হোসেন ওরফে ‘বাঁচা’-কে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বরদুয়ারা এলাকার আব্দুর রশিদের ছেলে।
র্যাব জানায়, গত ১ জুলাই সাতকানিয়া থানায় দায়ের হওয়া একটি নৃশংস হত্যা মামলার প্রধান আসামি হিসেবে ঘটনার পর থেকেই আকবর হোসেন আত্মগোপনে ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ তার অবস্থান শনাক্ত করে সফল অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, অপরাধী, সন্ত্রাসী ও পলাতক আসামিদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.