কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সদস্যরা।
মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট মিফতাহ উদ্দীন আহমদকে কমিটির সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম নেওয়াজকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় সহ-সভাপতি মো. সরওয়ার উদ্দিন ও মিজবাহ উদ্দিন আহমদ, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মো. দিনারুল ইসলাম, পৌরসভা প্রতিনিধি সদস্য ফরিদুল আলম, সদস্য আবুল কাশেম ফজলুল হক, অভিভাবক প্রতিনিধি সদস্য এনামুল হক, অভিভাবক মহিলা সদস্য হুমায়রা জান্নাত হিমু ও সাজিয়া জান্নাত, বিদ্যোৎসাহী মহিলা সদস্য শারমিন আক্তার এবং শিক্ষক প্রতিনিধি মাখন কান্তি সুশীল উপস্থিত ছিলেন।
প্রথম সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও নিরাপদ শিক্ষার পরিবেশ সৃষ্টি, শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনা অনুযায়ী গঠিত এ ব্যবস্থাপনা কমিটির প্রস্তাব ইতোমধ্যে উপজেলা শিক্ষা কমিটির অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি এডভোকেট মিফতাহ উদ্দীন আহমদ বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.