মো: জাবেদুল আনোয়ার, কক্সবাজারঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫-এর ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা, তথ্যপ্রযুক্তিনির্ভর নজরদারি ও সাঁড়াশি অভিযানের মুখে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে অপহরণকারীদের পরিকল্পনা। অপহরণের ২৪ দিন পর মো. ইমতিয়াজ আলম (৫২) নিরাপদে পরিবারের কাছে ফিরেছেন।
র্যাব-১৫ জানায়, উদ্ধার হওয়া ইমতিয়াজ আলম নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার নয়াটোলা (ডা. সাহান রোড) এলাকার মৃত খুরশিদ আলমের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ৪ জুন রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইমতিয়াজ আলমকে অপহরণ করে। পরে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি নিয়মিত অপহরণ মামলা দায়ের করা হয়।
মামলার পর থেকেই র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) অপহৃত ব্যক্তিকে উদ্ধারে ছায়া তদন্ত, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সম্ভাব্য বিভিন্ন গোপন আস্তানায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। র্যাবের টানা অভিযানের চাপে একপর্যায়ে অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দিতে বাধ্য হয়।
রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মো. ইমতিয়াজ আলম নিজেই র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্পে) এসে উপস্থিত হন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সুস্থ অবস্থায় উখিয়া থানার পানবাজার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, অভিযানের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অপহরণ চক্রের পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.