মো:জাবেদুল আনোয়ার, স্টাফ রিপোর্টার,কক্সবাজার;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় আলোচিত ৬ রাবার শ্রমিক অপহরণ মামলার মূল পরিকল্পনাকারী ও একাধিক মামলার পলাতক আসামি মিজানুর রহমান (২৬)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ জানায়, গত ১১ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর থানার জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহরণচক্রের মূলহোতা মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং এলাকার বড়ইঝিরি নামক স্থানের একটি রাবার বাগান থেকে অস্ত্রধারী দুষ্কৃতিকারীরা ৬ জন রোহিঙ্গা রাবার শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। পরে অপহৃতদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একই সঙ্গে অপহৃতদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি নিয়মিত অপহরণ মামলা দায়ের করা হয়।
র্যাব জানায়, ঘটনাটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচিত হওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই অপহরণচক্রের মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১৫।
র্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃত মিজানুর রহমান মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.