ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির দুই গ্রুপের একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার কুটি ইউনিয়নের কুটি দক্ষিণবাজার ও আশপাশের এলাকায় এ আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বিকেল ৪টায় কুটি দক্ষিণবাজারে আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করে তার সমর্থকরা। কুটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্বে রয়েছেন কুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জল মিয়া।
অপরদিকে, একই সময় ও একই স্থানে কুটি ইউনিয়ন বিএনপির আরেকটি পক্ষ নবনির্বাচিত সভাপতি মাহবুবুল ইসলাম শাহীনকে সংবর্ধনা জানাতে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে। একই স্থানে দুই পক্ষের পৃথক কর্মসূচির ঘোষণায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। এ সময়ের মধ্যে নির্ধারিত এলাকায় সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত এবং যেকোনো ধরনের উসকানিমূলক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারার আওতাভুক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ আইন অমান্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.