কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা, ১ লিটার বাংলা মদ, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং পটকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ-এর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ৪৭ থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজিপাড়া এলাকায় মো. হোছন (৫৭) নামে এক ব্যক্তির নিজস্ব মুদি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে ৯০ পিস বার্মিজ ইয়াবা, ১ লিটার বাংলা মদ, ২৭টি পটকা (গোল ১৬টি ও লম্বা ১১টি) এবং ইয়াবা সেবনের সরঞ্জাম হিসেবে ২ রোল ফয়েল পেপার উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.