বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় টানা ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর পক্ষ থেকে ৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে এসব ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, প্রতিটি পরিবারের জন্য একটি করে মোট ৬০ প্যাকেট শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম পেঁয়াজ, ৫০০ গ্রাম গুড়, ৫০০ গ্রাম লবণ, ১০০ গ্রাম হলুদ ও ১০০ গ্রাম মরিচ।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ব ও অঙ্গীকার। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, দুর্গত মানুষের দুর্ভোগ লাঘব ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ১১ বিজিবি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবে।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.