ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন. বর্তমান সরকার কারো কোন কাজে বাধাঁ সৃষ্টি করবে না। সভা-সমাবেশ, মিটিং-মিছিলসহ রাজনৈতিক কর্মসূচি পালন সবার গণতান্ত্রিক অধিকার। তবে রোড মার্চের নামে কেউ জনগনের জানমালের কোন ক্ষতি বা আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবেনা। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বুধবার(০২ মেপ্টেম্বর) রাতে রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা, দুর্নীতি, মাদক, সুশাসন ও জবাবদিহিতা নিয়ে আয়োজিত বিশেষ সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটি- আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মীর হেলাল উদ্দীন আরো বলেছেন, পার্বত্য অঞ্চলের শান্তিশৃঙ্খলা রক্ষা এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার এবং প্রশাসন কাজ করছে। এছাড়াও এ এলাকার উন্নয়নের জন্য দীর্ঘ মেয়াদী এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। সমাজকে মাদকের ছায়া থেকে মুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি বজায় রাখার পাশাপাশি এ এলাকার শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং গ্রামীণ চিকিৎসাসেবার মানোন্নয়নে জরুরি পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়।